গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৭ সদস্যের জেলা কমিটি অনুমোদন

 প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন   |   রংপুর

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৭ সদস্যের জেলা কমিটি অনুমোদন

গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপ-আইনের ৩৫ ধারা অনুসরণে এবং গাইবান্ধা জেলার আওতাধীন সকল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ)-এর প্রতিনিধি সভার সিদ্ধান্তক্রমে ৩ বছর মেয়াদি ৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রতিনিধি সভার সুপারিশের প্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে গাইবান্ধা সদর ইউসিসিএ-এর সভাপতি এ এস এম আনজুনুর জামান বকসি (ডিজু) কে সভাপতি এবং সুন্দরগঞ্জ উপজেলা ইউসিসিএ-এর সভাপতি আবু সাইফ ইফতেখার হোসেন পপেলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আবু জাফর লেলিন (সহ-সভাপতি), সাদেকুল ইসলাম (নান্নু), লাকি বেগম, সাজেদুর সালেহীন এবং সাইফুল ইসলাম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাইফ ইফতেখার হোসেন পপেল দায়িত্বপ্রাপ্ত হওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে গাইবান্ধা জেলার আওতাধীন সকল উপজেলা ইউসিসিএ-এর সভাপতি ও সদস্যদের প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। সমবায়ের মূল লক্ষ্য ও নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে জেলা পর্যায়ে কৃষি সমবায়কে আরও গতিশীল ও শক্তিশালী করা হবে।”

তিনি আরও জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ জোরদার করা, ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় নিশ্চিত করা এবং সমবায়ভিত্তিক উদ্যোগকে সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করা হবে। পাশাপাশি সমবায় আইন ও উপ-আইন অনুযায়ী ইউসিসিএ সমিতিগুলোকে স্বাবলম্বী ও শক্তিশালী করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

টেকসই পল্লী উন্নয়ন এবং সমবায়ভিত্তিক কার্যক্রম জোরদার করাই এই কমিটির অন্যতম প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, আবু সাইফ ইফতেখার হোসেন পপেল বর্তমানে সুন্দরগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এবং সুন্দরগঞ্জ পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।