সংবাদ শিরোনাম

খাল খনন কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে কৃষি বিপ্লব ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন   |   জাতীয়

খাল খনন কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে  কৃষি বিপ্লব ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে   - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

মীরসরাই (চট্টগ্রাম), ২ চৈত্র (১৬ মার্চ): 

বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খনন কাজের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, খাল খনন কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে কৃষি বিপ্লব ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, সেচ সংকটের কারণে অনেক জমি বছরের বড় একটি সময় অনাবাদী থাকে; খালের পানি ব্যবহারের মাধ্যমে দ্বি-ফসলি জমিগুলোকে ত্রি-ফসলি জমিতে রূপান্তর করা সহজ হবে, যা কৃষকের উৎপাদন খরচ কমিয়ে মুনাফা বৃদ্ধি করবে।

প্রতিমন্ত্রী বলেন, খালের জমি দখলমুক্ত করার বিষয়ে খালের জমি উদ্ধার ও রক্ষণাবেক্ষণে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। পলি জমে যেন খাল পুনরায় ভরাট না হয়, সেজন্য নিয়মিত তদারকির ব্যবস্থা রাখা হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী স্বপ্নকে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বর্তমান সরকার পুনরায় জাগিয়ে তুলেছে উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল খাল খনন নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ দেশ গড়ার প্রতিশ্রুতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াঁসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।