সংবাদ শিরোনাম

খুলনা-মোংলা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি নিসচার

 প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন   |   জাতীয়

খুলনা-মোংলা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি নিসচার

খুলনা ব্যুরো :

খুলনা-মোংলা মহাসড়কে বারবার সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। একই সঙ্গে দুর্ঘটনা রোধে কার্যকর নজরদারি বৃদ্ধি এবং রাতে ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নাসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (১২ মার্চ) রামপালের বেলাইব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক।

নেতারা বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর খুলনা-মোংলা মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। পাশাপাশি থ্রি-হুইলার, নসিমন, করিমন, মাহিন্দ্রা ও অটোভ্যানসহ অননুমোদিত যানবাহনও সড়কটিতে চলাচল করছে। রোডস অ্যান্ড হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগের দৃশ্যমান উদ্যোগের অভাবে মহাসড়কের বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা ও দখলদারিত্ব বেড়ে চলেছে।

বিবৃতিতে রাস্তার দুই পাশের সরকারি জায়গা উদ্ধার, রাতে সোলার স্ট্রিটলাইট স্থাপন, মোংলা বন্দর ও ইপিজেড এলাকার ফিটনেসবিহীন ট্রাক চলাচল বন্ধ এবং ২৭ টনের বেশি ভারী যানবাহনের চলাচল সীমিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ওভারস্পিডসহ যে কোনো আইন লঙ্ঘন প্রতিরোধে মহাসড়কে আধুনিক ক্যামেরা স্থাপনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে রামপালের দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।#