সংবাদ শিরোনাম

কৃষক কার্ড প্রণয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন   |   জাতীয়

কৃষক কার্ড প্রণয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

কৃষকদের জন্য প্রস্তাবিত ‘কৃষক কার্ড’ প্রণয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় সংশ্লিষ্ট সেলের সঙ্গে বৈঠক করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুর সাড়ে ১২টায় ঢাকার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষকদের জন্য পরিকল্পিত কৃষক কার্ডের কাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াসিন, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। বৈঠকে কৃষকদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি, সেবা প্রাপ্তি সহজ করা এবং সরকারি সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এ উদ্যোগ বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।