হাদি হত্যা: আদালতে ফয়সালের দাবি—‘আমি জড়িত নই
প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট :
বহুল আলোচিত শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল অবশেষে মুখ খুলেছেন। আদালতে হাজির করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ‘আমি এই কাজ করিনি। আমি কোনোভাবেই এর সঙ্গে জড়িত নই।’
রোববার (২২ মার্চ) ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। এ সময় গণমাধ্যমকর্মীরা হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করলে ফয়সাল অভিযোগ অস্বীকার করেন।
এর আগে গত ৮ মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) সীমান্তসংলগ্ন বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আত্মগোপন করেছিলেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দেশে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
হাদির মৃত্যুর পর ঘটনাটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তদন্তে একপর্যায়ে ফয়সাল ও আলমগীরের নাম উঠে আসে এবং পরে তাদের গ্রেপ্তার করা হয়।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ফয়সালের এই অস্বীকারোক্তি মামলায় নতুন মাত্রা যোগ করলেও প্রকৃত সত্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ ও প্রমাণই হবে মূল ভিত্তি। এখন এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।