মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল, ৮ চৈত্র (২২ মার্চ):
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
গতকাল টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এলাকায় মাদক চললে তা আপনাদের সন্তানদেরই ক্ষতি করবে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
প্রতিমন্ত্রী গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, ঈদের আনন্দকে আরো প্রাণবন্ত করতে এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এসময় তিনি এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী সায়মা পারভীন সিম্মি।
দ্যাইনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ঘোড়াদৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।