সংবাদ শিরোনাম

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন সমাজকল্যাণ মন্ত্রী

 প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন   |   জাতীয়

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ):

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, সমাজে 

পিতৃ-মাতৃহীন পরিত্যক্ত শিশু, দাবিদারহীন উদ্ধারকৃত বিপন্ন শিশু, দাবিদারহীন হাসপাতাল থেকে আসা শিশুদের গ্রহণ ও রক্ষণাবেক্ষণ এবং মাতৃস্নেহে লালন পালন করা, শিশুদের বেড়ে ওঠার জন্য সরকারের যেমন করণীয় আছে তেমনি সমাজের বিত্তবান মানুষদেরও করণীয় আছে। মন্ত্রী সমাজের উচ্চবিত্তদের এসব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে একসঙ্গে কাজ করলে শিশুদের বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। 

মন্ত্রী আজ ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের দিনে আজিমপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন ছোটমণি নিবাস পরিদর্শনকালে এ আহ্বান জানান।

সমাজকল্যাণ মন্ত্রী ছোট শিশুদের সেবাযত্নের প্রতি নজর দেওয়ার তাগিদ দিয়ে বলেন, নিজের বাড়িতে যে শিশুটি মানুষ হয় এখানেও একইভাবে তাদের সেবা যত্ন দিয়ে গড়ে তুলতে হবে। এ সময় তিনি শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান পরীক্ষা করেন। 

মন্ত্রী আরো বলেন, বাচ্চাদের রোগে আক্রান্ত থেকে রক্ষা পেতে বাচ্চাদের পুষ্টিসম্মত খাবার ও ওষুধ ঠিকমতো খাওয়াতে হবে, বিছানার কাপড় গরম পানিতে সিদ্ধ করে ধৌত করতে হবে তাহলে বাচ্চাদের রোগ-বালাই আক্রান্ত করতে পারবে না। 

এছাড়া, মন্ত্রী মিরপুর ও তেজগাঁও সরকারি শিশু পরিবারের কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।