কপোতাক্ষের তীর রক্ষায় অনিয়মের অভিযোগ
খুলনা ব্যুরো :
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাশিরহাটখোলা এলাকায় কপোতাক্ষ নদের তীর রক্ষায় সিসি ব্লক তৈরির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ছয় লাখ ব্লক তৈরিতে নিম্নমানের ‘মরা পাথর’ ও চিকন দানার বালু ব্যবহার এবং সিমেন্ট–বালু–পাথরের অনুপাত ঠিক না রাখার অভিযোগ করেছেন স্থানীয়রা।
প্রায় ৭১ কোটি টাকা ব্যয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বর্ধন প্রকল্পের আওতায় এক হাজার ৪০০ মিটার নদীতীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করছে এম এম বিল্ডার্স। প্রকল্পটি তদারক করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাতক্ষীরা-২ বিভাগ।
স্থানীয়দের অভিযোগ, কাজের সময় তদারকির ঘাটতি রয়েছে এবং ভালো মানের উপকরণ ব্যবহার করা হচ্ছে না। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও পাউবো কর্তৃপক্ষ দাবি করেছে, সিসি ব্লক তৈরির পর মান যাচাই করেই কাজে ব্যবহার করা হচ্ছে এবং অনিয়ম পাওয়া গেলে তা বাতিল করা হবে।