সংবাদ শিরোনাম

টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে ঢাকায় স্থানান্তর

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন   |   জেলার খবর

টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে ঢাকায় স্থানান্তর

প্রতিদিনের দেশ ডেস্ক : 

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফে রাখাইন রাজ্য থেকে ধেয়ে আসা গুলিতে আহত স্কুলছাত্রী হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। বর্তমানে সে লাইফ সাপোর্টে রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় আফনানকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে পাঠানো হচ্ছে।

তসলিম উদ্দিন বলেন, শিশুটির মস্তিষ্কে গুলি অবস্থান করায় তা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। মঙ্গলবার বেলা ১১টায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে দ্রুত ঢাকায় স্থানান্তরের সুপারিশ করা হয়।

চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ জানান, গুলিটি মস্তিষ্কের পেছনের অংশের খুব কাছাকাছি অবস্থান করছে, যেখানে গুরুত্বপূর্ণ রক্তনালি রয়েছে। এ অবস্থায় অস্ত্রোপচার করলে অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি থাকায় গুলি বের করা সম্ভব হয়নি। মস্তিষ্কে সৃষ্ট অতিরিক্ত চাপ কমাতে অস্ত্রোপচারের মাধ্যমে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে, যা চিকিৎসার একটি স্বীকৃত পদ্ধতি

আফনানের চাচা শওকত আলী জানান, গুলিটি মুখ দিয়ে ঢুকে সরাসরি মস্তিষ্কে প্রবেশ করে। ঘটনার পর দ্রুত তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সীমান্ত এলাকা থেকে ঘটনাস্থল প্রায় তিন কিলোমিটার দূরে।

উল্লেখ্য, গত রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়িতে থাকার সময় হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয়। এরপর থেকে সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।