সংবাদ শিরোনাম

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন   |   জেলার খবর

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি

খুলনা ব্যুরো :

বিভিন্ন মেয়াদে ভারতে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ২৪ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৫ জন নারী, ৩ জন শিশু ও ১৬ জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা নড়াইল, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা ও রংপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা দালালচক্রের মাধ্যমে ভালো কাজের আশায় প্রায় তিন বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে প্রায় এক বছর কারাভোগ করেন।

ফেরত আসা সোনিয়া বেগম জানান, কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি এনজিও সংস্থার সহায়তায় তারা তামিলনাড়ু প্রদেশের একটি শেল্টার হোমে অবস্থান করছিলেন। পরবর্তীতে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফেরার সুযোগ হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম সাখাওয়াত হোসেন জানান, ইমিগ্রেশন কার্যক্রম শেষে ফেরত আসা নারী-পুরুষদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আনুষ্ঠানিকতা শেষে তাদের বেসরকারি এনজিও ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে তুলে দেওয়া হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর সফিকুর রহমান বলেন, ফেরত আসা ব্যক্তিদের যশোরে সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।