সাংবাদিক মিলনকে গুলি করে হত্যা, আহত ১
খুলনা ব্যুরো :
খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে ইমদাদুল হক মিলন (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় ডট কম নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক ছিলেন। পাশাপাশি তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারের বজলু রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের বরাতে জানা যায়, ইমদাদুল হক মিলন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে করে আসা চার দুর্বৃত্ত দোকানের সামনে নেমে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলির একটি ঘটনাস্থলে থাকা স্থানীয় পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের মাথায় বিদ্ধ হয়। তিনি সরে গেলে দুর্বৃত্তরা দোকানের ভেতরে প্রবেশ করে ইমদাদুল হক মিলনের মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত দেবাশীষ বিশ্বাসকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে খুলনা মহানগর পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সেখান থেকে একাধিক গুলির খোসা উদ্ধার করা হয়। খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় জানান, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক নেতারা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি পুলিশ।