সংবাদ শিরোনাম

ডুমুরিয়া থানায় আ.লীগ নেতাকে ছাড়াতে বিএনপির তদবির

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন   |   জেলার খবর

ডুমুরিয়া থানায় আ.লীগ নেতাকে ছাড়াতে বিএনপির তদবির

খুলনা ব্যুরো :

খুলনার ডুমুরিয়া থানায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতাকে মুক্ত করতে বিএনপির শতাধিক নেতাকর্মী থানায় অবস্থান নিলেও শেষ পর্যন্ত তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তি সুকৃতি মণ্ডল ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে একটি লুটপাট ও ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নদী-খাল দখল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ১৭ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডুমুরিয়া থানায় যান। তারা সুকৃতি মণ্ডলকে ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির করেন। এ সময় থানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মাগুরখালী ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘সুকৃতি মণ্ডলকে ছেড়ে দেওয়ার জন্য একাধিক বিএনপি নেতার ফোন আসে। তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন বলেন, ‘৫ আগস্টের পর থেকে সুকৃতি বিএনপির সঙ্গে কাজ করছিলেন। সে কারণেই তাকে ছাড়ানোর চেষ্টা করা হয়।’

ডুমুরিয়া থানার ওসি কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত সুকৃতি মণ্ডলকে ১৭ ডিসেম্বর বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়ার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে তিনি জানান।