১৭ ডিসেম্বর খুলনা হানাদারমুক্ত দিবস পালিত
খুলনা ব্যুরো :
১৭ ডিসেম্বর খুলনা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ বিজয় অর্জন করলেও খুলনা জেলা পাকবাহিনীর কবল থেকে মুক্ত হয় এক দিন পরে।
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে ৯ ডিসেম্বর নওয়াপাড়া হয়ে পাকহানাদার বাহিনী খুলনার দিকে অগ্রসর হয়। তারা ট্যাংক, কামান, সাঁজোয়া যান ও গোলাবারুদ নিয়ে শিরোমনি, ইস্টার্ন গেট ও ফুলবাড়িগেট এলাকায় শক্ত ঘাঁটি স্থাপন করে। এ সময় তারা নির্বিচারে নিরীহ বাঙালিদের হত্যা করলে প্রাণভয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং এলাকা জনশূন্য হয়ে পড়ে।
১২ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা শিরোমনিতে পাকবাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালায়। মিত্রবাহিনী ও মুক্তিসেনাদের সম্মিলিত সাঁড়াশি আক্রমণে পাকবাহিনী পর্যুদস্ত হয়। টানা প্রতিরোধের মুখে অবশেষে ১৭ ডিসেম্বর শিরোমনি এলাকায় প্রায় তিন হাজার পাকসেনা মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
এর মধ্য দিয়েই খুলনা জেলা হানাদারমুক্ত হয় এবং স্বাধীন বাংলাদেশের বিজয়ের ইতিহাসে যুক্ত হয় আরেকটি গৌরবময় অধ্যায়।