খুলনায় ডিবির অভিযানে ছাত্রলীগ নেতা আটক
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর ফরাজিপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক তছলিম হুসাইন তাজকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (ডিবি) শাখা। বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তছলিম হুসাইন তাজ পতিত সরকারের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত। তিনি সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগে সম্প্রতি খুলনায় অবস্থান করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় নেতা হিসেবে তাজ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী তৎপরতার সঙ্গে জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি পুলিশ আরও জানায়, তাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হতে পারে।