খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাপানের অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন
খুলনা ব্যুরো :
জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশি-তে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)-এর অংশ হিসেবে জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (MEXT)-এর স্পেশাল রিকমেন্ডেশন প্রোগ্রামের আওতায় ২০২৬ সালের অক্টোবর ইনটেকের জন্য এ সুযোগ দেওয়া হচ্ছে।
এ কর্মসূচির আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর পর্যায়ে (মাস্টার্স ও পিএইচডি) অধ্যয়নের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
এ বিষয়ে আজ ১৭ ডিসেম্বর বুধবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে একটি ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, জাপানের মতো প্রযুক্তি ও গবেষণায় অগ্রসর দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আন্তর্জাতিক অঙ্গনে তাদের দক্ষতা বিকাশে সহায়ক হবে।
ব্রিফিং সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইয়ামানাশির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন) প্রফেসর মাসানোরি হানাওয়া। তিনি আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, স্কলারশিপ সুবিধা ও গবেষণার সুযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ইয়ামানাশির ভাইস-প্রেসিডেন্টকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ব্রিফিং সেশন শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে ইসিই ও সিএসই ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।