খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনারের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
১৭ ডিসেম্বর (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা খুলনার স্থানীয় এবং জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা খুলনা মহানগরীর বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা সম্পর্কে বাস্তবভিত্তিক ও গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন। সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করে পুলিশ কমিশনার মহোদয় বলেন, পুলিশের কার্যক্রম ও সেবার তথ্য যথাযথ ও স্বচ্ছভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের গঠনমূলক মতামত ও পর্যবেক্ষণ পুলিশের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনবান্ধব করতে সহায়ক হবে। এ সময় তিনি সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্ঙ্খলা সমুন্নত রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে আইনানুগ সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত সহযোগিতা একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য মহানগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব এম. এম. শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা-সহ খুলনাস্থ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।