সংবাদ শিরোনাম

খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম ও দুর্যোগ প্রস্তুতি সভা

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম ও দুর্যোগ প্রস্তুতি সভা

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা কমিটির ১০ম সভা ৮ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো: মোখতার আহমেদ। চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ‘বিশেষ বরাদ্দ’ উপখাতে ৯২টি স্কীমে ২ কোটি ৭৬ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৫ সদস্য বিশিষ্ট প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের আদেশ মোতাবেক ১০২ জন মাস্টাররোল কর্মচারীর চাকরি স্থায়ীকরণের সিদ্ধান্ত গ্রহণ ও স্থানীয় সরকার বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন সরকারি ও আধাসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এরপর বিকেল ৪টায় খুলনা সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রশাসক মো: মোখতার আহমেদ-এর সভাপতিত্বে সভায় ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রাক-প্রস্তুতি গ্রহণ, ক্ষয়ক্ষতি হ্রাস এবং ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের জন্য একটি উপকমিটি গঠন করা হয়।