শতবর্ষী চুলকাঠি দুধের হাট এখনও জীবন্ত
খুলনা ব্যুরো :
বাগেরহাটের চুলকাঠি বাজারে শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা দুধের হাট এখনও মানুষের আস্থা ধরে রেখেছে। ভোরের কুয়াশা কাটতেই হাটে প্রাণচাঞ্চল্য দেখা যায়। বিক্রেতারা ড্রাম, কৌটা ও কলস ভরে দুধ বিক্রির জন্য প্রস্তুত থাকেন।
হাটে প্রতিদিন সাত থেকে আট হাজার লিটার খাঁটি দুধ বিক্রি হয়। স্থানীয় হাকিমপুর, রণবিজয়পুর, ভরসাপুর, চুলকাঠি, খানপুর ও সোনাতুনিয়া গ্রামের খামারিরা এই হাট থেকে সংসার চালান। দাম সাধারণত কেজিপ্রতি ৫০–৬০ টাকা, ভালো মৌসুমে ৬০–৭০ টাকা।
খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, মোংলা সহ বিভিন্ন জেলা থেকে ক্রেতারা মিষ্টির দোকান, হোটেল ও ব্যক্তিগত ব্যবহারের জন্য এখানে আসেন। খাঁটি দুধ পাওয়ায় তারা প্রতি বছরই হাটে ফিরে আসেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী জানান, খামারিদের প্রশিক্ষণ দিয়ে দুধের মান উন্নয়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিভাষ চন্দ্র রায় সতর্ক করে বলেন, মহাসড়কের পাশে হওয়ায় ধুলো ও যানবাহনের ধোঁয়া দুধের মানে প্রভাব ফেলতে পারে।
চুলকাঠি বাজার কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস শেক বলেন, শত বছরেরও পুরোনো এই হাট এখনও টিকে আছে। এটি শুধু ব্যবসার স্থান নয়, স্থানীয় ঐতিহ্য ও মানুষের জীবিকার প্রতীক।