চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
মোঃ আশরাফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তল ও গুলিসহ রয়েল হাসান অরণ্য (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার মহানন্দা সেতুর টোলপ্লাজায় তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। রয়েল হাসান অরণ্য শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের পারচোকা মাদ্রাসা বাজারের মৃত আল মামুনের ছেলে।
পুলিশ সুপার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালায় পুলিশের একটি দল। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ রয়েল হাসান অরণ্যকে আটক করা হয়। অরণ্য শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহর আসছিলেন। ওয়াসিম ফিরোজ বলেন, জব্দ করা ৭ দশমিক ৬৫ (মিলিমিটার) বোরের পিস্তলটি আমেরিকার তৈরী। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।