চুয়াডাঙ্গায় যুবককে জবাই করে হত্যা
খুলনা ব্যুরো :
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামে সোহেল (২৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে গ্রামের খরার মাঠ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় ।পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। কৃষিকাজ করতেন তিনি।
ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনার কথা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি জানান, পূর্ব কোনো বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সঠিক কারণ তদন্তেই বের হবে।
নিহতের বাবা আসাবুল হক অভিযোগ করে বলেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের ঝগড়া হয়। এ নিয়ে মারামারি পর্যন্ত হয় এবং ফারুক তাকে হত্যার হুমকি দেয়। “এর জের ধরেই ফারুক আমার ছেলেকে জবাই করেছে,” বলেন তিনি। এ ঘটনায় ন্যায়বিচার চান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তার বরাতে জানা গেছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।