সংবাদ শিরোনাম

যশোরে ভিওআইপি মামলা ও নওয়াপাড়ায় সার চুরির ঘটনায় চারজন রিমান্ডে”

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন   |   জেলার খবর

যশোরে ভিওআইপি মামলা ও নওয়াপাড়ায় সার চুরির ঘটনায় চারজন রিমান্ডে”

খুলনা ব্যুরো :

যশোরে ভিওআইপি সরঞ্জাম ও বিপুল পরিমাণ ভারতীয় সিম কার্ডসহ আটক ভিওআইপি ব্যবসায়ী বাবুল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন রিমান্ড আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।

ডিবি পুলিশ জানায়, গত ১১ নভেম্বর গভীর রাতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়। এ সময় একটি ল্যাপটপ, ভারতের বিভিন্ন টেলিকম কোম্পানির ৩১৭টি সিম কার্ড এবং ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত দুই দিন অনুমোদন দেন।

অন্যদিকে, নওয়াপাড়া নদীবন্দর থেকে বিএডিসির সাত ট্রাক সার চুরির মামলায় মেসার্স বঙ্গ ট্রেডার্সের তিন কর্মকর্তা–কর্মচারীর প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ আদেশ দেন।

গত ৯ নভেম্বর নওয়াপাড়া ঘাট থেকে রংপুর, রাজশাহী, নওগাঁ, ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন গোডাউনে পৌঁছানোর জন্য সাত ট্রাক সার লোড করা হয়। প্রায় ২ কোটি ৫২ লাখ টাকার ওই সার পরে চুরি হয়েছে বলে জানানো হয়।

ডিবি পুলিশ অভিযান চালিয়ে বঙ্গ ট্রেডার্সের সুপারভাইজার সুজন মজুমদার, সহকারী ম্যানেজার বাবুল দাস ও ডেপুটি ম্যানেজার মাসুম বিল্লাহকে ২২ লাখ টাকাসহ আটক করে। সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত প্রত্যেককে একদিন করে রিমান্ড দেন।