খুলনায় লিকুইড সিরাপ ও গাঁজাসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার
খুলনা ব্যুরো :
খুলনায় পৃথক অভিযানে নিষিদ্ধ লিকুইড সিরাপ ও গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০১ ডিসেম্বর ২০২৫) ভোরে ফুলতলা থানাধীন দামোদর এলাকায় চেকপোস্ট ডিউটির সময় প্রথম অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রাস্তার উপর তল্লাশিকালে ৯২ বোতল নিষিদ্ধ লিকুইড ESKUF সিরাপসহ মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেল (৪০)–কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরে বিশেষ অভিযান পরিচালনা করা হয় সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া এতিমখানা মোড় এলাকায়।
সেখানে সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে ১০ কেজি গাঁজাসহ মোহাম্মদ নাঈম ওরফে ভুলু (৫০) এবং রুনা বেগম (৪৫)–কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের পেশাদার মাদকব্যবসায়ী বলে স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখত এবং সুবিধাজনক সময়ে তা বিক্রি করত।
ঘটনার পর ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের
করা হয়েছে।