মাওনায় ত্রিমুখী সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, অল্পে রক্ষা
রতন প্রধান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উত্তর পাড়া এলাকায় ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে প্রাইভেটকারটি। তবে বড় ধরনের দুর্ঘটনা হলেও কেউ আহত হয়নি।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মীর সিরামিক্স কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ঢাকাগামী একটি ড্রামট্রাক দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার ও পিকআপকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। ধাক্কার চাপে প্রাইভেটকারটি পিকআপের নিচে ঢুকে বিকৃত হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে পিকআপের সামনে থাকা একটি যাত্রীবাহী বাস হঠাৎ ব্রেক করলে পিকআপটি বাসে আঘাত করে। এতে মুহূর্তেই পুরো এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
খবর পেয়ে মাওনা হাইওয়ে থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ূব আলী বলেন, “দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোয় পরপর ধাক্কার ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক।”
দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন সংশ্লিষ্ট গাড়িগুলোর যাত্রীরা।