নতুন প্রশাসকের সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের পরিচিতি সভা
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
নতুন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ মোখতার আহমেদ ১৯ নভেম্বর বুধবার কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন। সভা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় কেসিসি’র রাজস্ব আদায়, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশাবাহিত রোগ প্রতিরোধ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা কার্যক্রম বাস্তবায়নের সময়কালে যে অন্তরায় এসেছে তা তুলে ধরেন।
প্রশাসক মোঃ মোখতার আহমেদ বলেন, “ন্যায়সঙ্গত কাজ বাস্তবায়নে কোনো বাধা নেই। সকল অন্তরায় দূর করার জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীর সেবা প্রদানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান,প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ অন্যান্য প্রধান কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।