শ্রীপুরে বিএনপি প্রার্থী ডা: বাচ্চু"র উন্নয়ন প্রতিশ্রুতি
রতন প্রধান শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন— “আমি আপনাদের এ মাটির সন্তান। এ মাটির গন্ধই আমার প্রাণের গন্ধ। নারী-পুরুষ সবাইকে সঙ্গে নিয়েই আধুনিক শ্রীপুর গড়তে চাই।”
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলার আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক গ্রাম্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিপুল জনসমাগমে বৈঠকটি পরে জনসভায় রূপ নেয়।
অধ্যাপক বাচ্চু বলেন, বহুদিন ধরে এই আসনে বিএনপি বিজয়ী হতে পারেনি। তবে তৃণমূলের আগ্রহ ও জনসমর্থন এবার নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন,
“দল আমাকে সম্মান দিয়ে প্রার্থী করেছে। দলের মর্যাদা রক্ষায় ধানের শীষে আপনাদের ভোট চাই। প্রথমবারের মতো আসনটি দলকে উপহার দিতে চাই।”
তিনি আরও দাবি করেন, বিএনপির ৩১ দফা ঘোষণা মাঠপর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।“আগামী নির্বাচনে বিজয়ী হলে বিএনপি সরকার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করবে,” বলেন তিনি।
শেখ হাসিনার শাস্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন,“দেশের স্বৈরাচারী ও নিষিদ্ধ সংগঠনের প্রধানের শাস্তি প্রমাণ করেছে—স্বৈরাচার কেউ স্থায়ী করতে পারে না। পলাতক নেতাকর্মীরা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, সবাইকে সতর্ক থাকতে হবে।”
মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য দেন—উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মীরধা, যুগ্ম আহ্বায়ক মুক্তারুল করিম শামীম, আহ্বায়ক সদস্য সাংবাদিক মাফুল হাসান হান্নান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকসহ স্থানীয় নেতারা।