স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ৫ বছরের শিশুর

অনলাইন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

জেলার খবর

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ৫ বছরের শিশুর

খুলনা ব্যুরো :

যশোরে বড় ভাইয়ের সাইকেলে করে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ার রিপনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিষ ওই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে এবং যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

পুলিশ জানায়, সকালে বড় ভাইয়ের সাইকেলে করে স্কুলের পথে ছিল শিষ। এ সময় পেছন দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক সাইকেলটিকে ধাক্কা দিলে শিশুটি সড়কে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকটির চাকা তার মাথার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।