খুলনায় টিটিসির উদ্যোগে সৌদি আরব ও জাপানে নিরাপদ অভিবাসনের সুযোগ নিয়ে মতবিনিময়

অনলাইন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

জেলার খবর

খুলনায় টিটিসির উদ্যোগে সৌদি আরব ও জাপানে নিরাপদ অভিবাসনের সুযোগ নিয়ে মতবিনিময়

খুলনা ব্যুরো :

খুলনা জেলা প্রশাসন ও খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও জাপানে উচ্চশিক্ষা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১৫ নভেম্বর  শনিবার বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মোঃ আশারাফ হোসেন।

সভায় খুলনা টিটিসির বিভিন্ন প্রশিক্ষণ, বিশেষ করে জাপানি ও ইতালিয়ান ভাষার প্রশিক্ষণ, এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক এ প্রশিক্ষণের গুরুত্ব ও সুযোগ সম্পর্কে ধারণা প্রদান করেন।

উপাচার্য অধ্যাপক ডঃ রেজাউল করিম বলেন, “কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো দক্ষ জনশক্তি তৈরি করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।