খুলনায় জলবায়ু অভিবাসন বিষয়ক গোলটেবিল আলোচনা

অনলাইন ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

জেলার খবর

খুলনায় জলবায়ু অভিবাসন বিষয়ক গোলটেবিল আলোচনা

মাসুদ আল হাসান ,খুলনা ব্যুরো :

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যুত ও অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। ৯ নভেম্বর সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের হলরুমে ‘জলবায়ু প্ররোচিত অভিবাসী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনসংখ্যা: সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মো. ফিরোজ শাহ। তিনি বলেন, “বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। উপকূলীয় অঞ্চল থেকে যেন মানুষ মাইগ্রেশন না হয়, সে বিষয়ে সবার নজর দেওয়া প্রয়োজন।” তিনি আরও বলেন, “নগরায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে উপকূলীয় মানুষের স্থানান্তর রোধ করা সম্ভব।”

বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন কারিতাস খুলনা অঞ্চলের পরিচালক আলবিনো নাথ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন কারিতাসের কর্মসূচি কর্মকর্তা ড. সুমন কুমার মালাকার।

আলোচনায় আরও অংশ নেন জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল করিম, প্রেসক্লাব আহবায়ক এনামুল হক, ইউনিফেসের চিফ মো. কাউসার হোসেন, কারিতাসের প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মণ্ডল, মিল কো-অর্ডিনেটর মো. ইব্রাহিম হোসেন ও অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর কাকলী হালদার।

সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কেসিসির চারটি ওয়ার্ডের কর্মকর্তা ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের ৯, ২১, ২২ ও ৩১ নম্বর ওয়ার্ড এবং সাতক্ষীরার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে কারিতাস খুলনা। প্রকল্পটি কারিতাস জার্মানি ও বিএমজেড-এর সহায়তায় চলছে এবং এটি ২০২৬ সালের জানুয়ারিতে শেষ হবে।