সুন্দরবনে অস্ত্র গুলিসহ কুখ্যাত ডাকাত রাঙ্গা আটক

অনলাইন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

জেলার খবর

সুন্দরবনে অস্ত্র গুলিসহ কুখ্যাত ডাকাত রাঙ্গা  আটক

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ (৪৮) কে ২৬ অক্টোবর  রবিবার সকালে অস্ত্রসহ আটক করেছে। অভিযানটি কালাবগি, শিবসা নদীর সংলগ্ন এলাকায় মোংলা কোস্ট গার্ড বেইসের নির্দেশে পরিচালিত হয়।


কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গা বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর সকাল ৬টায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড ধাওয়া করে তাকে আটক করে। তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল শেখ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি চালিয়ে আসছিল। এছাড়া গত ৩১ জুলাই তার বাহিনী জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি পাঠিয়েছিল, যা পরে কোস্ট গার্ডের অভিযান শুরু করার মূল কারণ হয়ে দাঁড়ায়।

উল্লেখ্য, এর আগে ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছিল এবং ৪ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছিল। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।