খুলনায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জনের সাজা
খুলনা প্রতিনিধি :
খুলনা সদর থানার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় খুলনার যৌথ অভিযানে মোট ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ২০ অক্টোবর সোমবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৭টি স্পট রেইড পরিচালনা করে ৩ জনকে আটক ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
জানা যায়, অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ রোহান কুমার দাস (২০), পুলিশ লাইন পশ্চিম গলি এলাকা থেকে আটক হন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফ তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া অপর দুটি অভিযানে ১০০ গ্রাম করে গাঁজাসহ মো. রবিউল ইসলাম (২০) ও মো. রুবেল শেখ (২৩) কে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রায়হানা ইসলামের আদালত উভয়কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ মো. আসাদুজ্জামান আরিফ ও শেখ রায়হানা ইসলাম। প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আকবার আলী (জেলা কার্যালয় ‘ক’ সার্কেল, খুলনা)।
খুলনায় মাদকবিরোধী আইন-শৃঙ্খলা কার্যক্রম আরও জোরদার করার অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।