গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক
০৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

জেলার খবর

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। ৪ অক্টোবর শনিবার  সকালে সদর উপজেলার তেঁতুলিয়া টোল প্লাজার সামনে এবং দুপুরে গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— সদর উপজেলার মালেঙ্গা গ্রামের মনি মোহন বিশ্বাস (৭০) এবং টুঙ্গিপাড়া উপজেলার চর বাসুরিয়া গ্রামের খায়রুল মোল্লা (২৭)।

ওসি জানান, সকালে তেঁতুলিয়া টোল প্লাজা এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত হন মনি মোহন বিশ্বাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুরে চর গোবরা থেকে চর বাসুরিয়া যাওয়ার পথে ইটবোঝাই একটি ট্রলি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাঁদে ফেলে দেন। এতে ট্রলিতে থাকা খায়রুল মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে একই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া নিচ্ছে বলে জানিয়েছে।