বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যা: শোকসন্তপ্ত পরিবারের পাশে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় যুবদল নেতা রাহুল সরকার হত্যার ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে শহরের কৈগাড়ী সি.ও. অফিস সংলগ্ন তাদের বাসভবনে গিয়ে সহমর্মিতা প্রকাশ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
তিনি নিহত রাহুল সরকারের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে আতিকুর রহমান রুমন জানান, যুবদল নেতা রাহুলের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোকাহত হয়েছেন তারেক রহমান। তাঁর নির্দেশেই সংগঠনটির পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে।
এসময় তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। রুমন বলেন, “বিএনপি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আমরা কখনো বিশৃঙ্খলা চাই না। তবে রাহুল হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য শাকিল আহমেদ ও রুবেল আমিন। এছাড়া স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, শ্রমিক দল নেতা শামসুজ্জামান শামশু, বিএনপি নেতা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ও সাইদুজ্জামান শাকিল।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে মাছ ধরার সময় দুর্বৃত্তদের হামলায় ছুরিকাঘাতে নিহত হন যুবদল নেতা সোয়েব সরকার রাহুল।