মহেশ্বরপাশায় তিন মাসে ৩ খুন, আতঙ্কে স্থানীয়রা
খুলনা জেলা প্রতিনিধি :
খুলনা নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকায় একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এতে আতঙ্ক আর উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে যুবক তানভীর হাসান শুভকে। এর আগে গত ১১ জুলাই একই এলাকায় বহিষ্কৃত যুবদল নেতা মাহাবুবুর রহমান মোল্লা ও ৩ আগস্ট ঘের ব্যবসায়ী আল আমিনকে হত্যা করা হয়। তিন মাসের ব্যবধানে টানা তিনটি খুনের ঘটনায় মহেশ্বরপাশায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, এক সময় চরমপন্থি অধ্যুষিত এলাকা হলেও সাম্প্রতিক সময়ে পুরোনো সন্ত্রাসীরা ফিরে এসে চাঁদাবাজি, অস্ত্র ও মাদকের লেনদেনে জড়িয়ে পড়ে। এর জেরে দফায় দফায় সংঘাত এবং খুনের ঘটনা ঘটছে।
মাহাবুবুর রহমান মোল্লার হত্যা মামলায় চারজনকে আটক করা হলেও এখনো মূল আসামিরা অধরা। মামলার তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।”
অন্যদিকে ঘের ব্যবসায়ী আল আমিন হত্যা মামলায়ও দুই মাস পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল্লাহ আল মামুন বলেন, “সন্দেহভাজন আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।”
এলাকাবাসী অভিযোগ করেছেন, খুনের ঘটনা ঘটার পরপরই আসল অপরাধীরা গা-ঢাকা দিচ্ছে, আর ভুক্তভোগীরা উল্টো হুমকি-ধামকি পাচ্ছেন। নিহত মাহাবুবুর রহমানের বাবা আব্দুল করিম মোল্লা বলেন, “তিন মাস পার হয়ে গেলেও প্রকৃত আসামি ধরা পড়েনি। বরং আমরা হুমকি পাচ্ছি। রাতে ভয়ে ঘুমাতে পারি না।”
নিহত আল আমিনের ভাই আওলাদ হোসেন বলেন, “প্রায় তিন মাসের ব্যবধানে একই এলাকায় তিনটি হত্যাকাণ্ড হয়েছে। আমার ভাইয়ের খুনিরা এখনও ধরা পড়েনি। আমরা মারাত্মকভাবে আতঙ্কিত।”
স্থানীয়রা জানান, পুলিশ প্রশাসন যদি দ্রুত কঠোর পদক্ষেপ না নেয় তবে এলাকায় আরও বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। তাই তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।