৬ দফা দাবিতে রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, সেবায় ভোগান্তি

 প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন   |   রংপুর

৬ দফা দাবিতে রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, সেবায় ভোগান্তি

রংপুর প্রতিনিধি: 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও ধর্মঘট শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। রোববার (৭ জুন) দুপুর ১টা থেকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মাসিক ভাতা ৫০ হাজার টাকা নির্ধারণ, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করা এবং কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা।

কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রংপুর মেডিকেল কলেজ চত্বর থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতালের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রংপুর ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিরাজ বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষিত হয়ে আসছে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও কর্মবিরতি চলবে।

অন্যদিকে, হঠাৎ করে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসাসেবায় প্রভাব পড়েছে। বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ায় দুই হাজারেরও বেশি রোগী ও তাদের স্বজনরা দুর্ভোগে পড়েছেন। প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতে বিকল্প ব্যবস্থায় চিকিৎসাসেবা সচল রাখার চেষ্টা চলছে। তবে আন্দোলন দীর্ঘায়িত হলে সেবাদান কার্যক্রম স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Advertisement
Advertisement
Advertisement