সুন্দরগঞ্জ কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে স্যালুটিং ডায়াসের উদ্বোধন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ১৫ জুলাই ২০২৬:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে নবনির্মিত স্যালুটিং ডায়াসের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
উদ্বোধন শেষে বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, একটি আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আন্তরিকতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) প্রনব দাস ও মো. আরাফাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানউল্লাহ।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ১২ নম্বর কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম অনুষ্ঠানে অংশ নেন। এ সময় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ, কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যবৃন্দ এবং সুন্দরগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নতুন স্যালুটিং ডায়াসটি আনুষ্ঠানিক প্যারেড, রাষ্ট্রীয় ও বিভাগীয় কর্মসূচি এবং বিভিন্ন পুলিশি অনুষ্ঠানের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে। স্থানীয়রা এ উদ্যোগকে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন।