সংবাদ শিরোনাম

কমনওয়েলথ গেমসে লে ক্লোসের রেকর্ড উনিশতম পদক

 প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন   |   খেলাধুলা

কমনওয়েলথ গেমসে লে ক্লোসের রেকর্ড উনিশতম পদক

ক্রীড়া ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার তারকা সাঁতারু চ্যাড লে ক্লোস কমনওয়েলথ গেমসের ইতিহাসে সর্বাধিক পদকজয়ী পুরুষ ক্রীড়াবিদ হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। পুরুষদের ৪×১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জয়ের মধ্য দিয়ে তিনি নিজের ক্যারিয়ারের ১৯তম কমনওয়েলথ পদক নিশ্চিত করেন।

শুক্রবারের এই সাফল্যের ফলে ৩৪ বছর বয়সী লে ক্লোস অস্ট্রেলিয়ার শুটার ফিল অ্যাডামস এবং ইংল্যান্ডের শুটার মিক গল্টকে পেছনে ফেলেছেন। দুজনেরই ঝুলিতে ছিল ১৮টি করে কমনওয়েলথ পদক।

গেমসের ওয়েবসাইটে প্রতিক্রিয়ায় লে ক্লোস বলেন, “ব্রোঞ্জ জিতে হয়তো আমার কাঁদার কথা নয়, স্বর্ণ জিতলে কাঁদা উচিত ছিল। কিন্তু এই পদক আমার কাছে পৃথিবীর সমান মূল্যবান।”

এ নিয়ে কমনওয়েলথ গেমসে লে ক্লোসের মোট পদকসংখ্যা দাঁড়াল ১৯টি। এর মধ্যে রয়েছে সাতটি স্বর্ণ, চারটি রৌপ্য এবং আটটি ব্রোঞ্জ।

তবে টলক্রস সুইমিং পুলে তার অভিযান এখনও শেষ হয়নি। তিনি ৫০ ও ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টেও অংশ নেবেন।

২০১০ সালে ভারতের নয়াদিল্লিতে মাত্র ১৮ বছর বয়সে কমনওয়েলথ গেমসে অভিষেক হয় লে ক্লোসের। প্রথম আসরেই তিনি পাঁচটি পদক জিতেছিলেন। এবারের আসর তার ক্যারিয়ারের পঞ্চম কমনওয়েলথ গেমস।

আন্তর্জাতিক অঙ্গনে লে ক্লোসের সাফল্যের তালিকাও সমৃদ্ধ। তিনি অলিম্পিকে চারটি পদক জিতেছেন, যার একটি স্বর্ণ। পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে, বিশেষ করে বাটারফ্লাই ইভেন্টে, তার রয়েছে ১৬টি শিরোপা। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নিয়ে পঞ্চমবারের মতো অলিম্পিক মঞ্চে নামার পরিকল্পনাও রয়েছে তার।

Advertisement
Advertisement
Advertisement