আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে সাউথ পয়েন্ট শিক্ষার্থীর পদক অর্জন।
নিজস্ব প্রতিবেদক:
গত ১৮ ও ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিত ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ পদক অর্জন করেছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগের ইংরেজি ভার্সনের দশম শ্রেণির শিক্ষার্থী তাজরিয়ান মেহজাবীন খান।
রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী আন্তর্জাতিক ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে সাউথ এশিয়ান কারাতে ফেডারেশন এবং সহযোগিতা করে বাংলাদেশ কারাতে ফেডারেশন। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের মোট ৫৬৫ জন পুরুষ ও মহিলা কারাতেকা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক এ জেড এম ডা: জাহিদ হোসেন এম পি।
তাজরিয়ান মেহজাবীন খান নিজের বিভাগে কৃতিত্বপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করে ব্রোঞ্জ পদক অর্জন করেন।এ সাফল্যে তাজরিয়ানকে অভিনন্দন জানিয়েছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.)। তিনি বলেন, শিক্ষার্থীর এ অর্জন প্রতিষ্ঠান ও দেশের জন্য গর্বের। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা অব্যাহত রাখা হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাজরিয়ান আরও বড় সাফল্য অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।