খুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় নগরীর বৈকালী মোড়ে ‘হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়, খুলনা’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, বাংলাদেশে বসবাসকারী সব নাগরিকের সমান অধিকার রয়েছে। এখানে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।
তিনি আরও বলেন, সারা দেশে অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান বক্তার বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন বলেন, আন্তর্জাতিক মহলে সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরতে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন ঘটনা উপস্থাপন করছে বলে তাঁর অভিযোগ। গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনা নিয়েও তিনি বক্তব্য দেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অনেকের বাড়িঘরে হামলা ও হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, খুলনাকে শান্ত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অগ্নিসন্ত্রাস বা নাশকতার ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের দায় নিতে হবে। নাগরিক হিসেবে সবার দেশে বসবাসের অধিকার রয়েছে। তবে উসকানি দিয়ে মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
শফিকুল আলম তুহিন প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদারদের মাসিক ভাতা চালুর প্রশংসা করেন। পাশাপাশি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল সব ধর্মের মানুষের পাশে রয়েছেন বলে উল্লেখ করেন।
হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী সত্যানন্দ দত্তের সভাপতিত্বে এবং প্রভুদান বাঙইয়ের (জিতু) সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ হাসান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং খুলনা সদর থানা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর।
এ ছাড়া বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু।
কর্মসূচিতে ব্রোজেন ঢালী, সুজনা জলি, উজ্জ্বল সাহা, সুজিত সাহা, বিকাশ দত্ত, দেবেন ঘোষ, অমিত কান্তি ঘোষ, রতন দেবনাথ, লিটন কুলু, নারায়ণ মিশ্র, বিপ্লব দে, নির্মলেন্দু মণ্ডল, তাপসী বাড়ে, সুলতা হালদার, প্রতিমা রানী, মধুমালা, বন্দি বালা, কালিপদ, অমিত মল্লিক, অমল মণ্ডল, দিপু মণ্ডল ও জ্যোৎস্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।