নাচোলের উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
২৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

রাজশাহী

নাচোলের উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার।   

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলার সুধীজনদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মতবিনিময় সভায় ইউএনও আকলিমা আক্তার বলেন, নাচোলের মানুষের জীবনমান উন্নয়ন এবং উপজেলার সার্বিক অগ্রগতিই হবে তাঁর প্রশাসনিক কার্যক্রমের প্রধান লক্ষ্য। সুষ্ঠু, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজনের আন্তরিক পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে সবার মতামত ও সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নাচোলের উন্নয়নে কাজ করতে চান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম. মসজিদুল হক, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম এবং নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানান। একই সঙ্গে নাচোলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি খাতসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।