প্যারালিগ্যাল সেবার মাধ্যমে দরিদ্র মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার উদ্যোগ আইনজীবীদের প্রশিক্ষণে ৫০ কোটি টাকা বরাদ্দ, জাতীয় সনদ কোর্স চালুর পরিকল্পনা
আইনি সহায়তা থেকে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে বঞ্চিত না হয় এবং সহজে ন্যায়বিচার পেতে পারে, সে লক্ষ্যে দেশে প্যারালিগ্যাল সেবা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ, জাতীয় যোগ্যতা সনদ চালু এবং আইনগত সহায়তার পরিধি সম্প্রসারণে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী পাঁচ বছরে এমন পরিবর্তন আনতে চায় সরকার, যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন যে পরিস্থিতি যত কঠিনই হোক, আইনি প্রতিকার পাওয়ার পথ তাঁদের জন্য বন্ধ নয়। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষ যেন ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে অসহায় বোধ না করেন।
রোববার (২৯ নভেম্বর) ঢাকায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যারালিগ্যাল সেবার প্রাতিষ্ঠানিকীকরণ, জাতীয় প্যারালিগ্যাল কোর্স এবং বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য বিশেষায়িত সনদ কোর্স চালুর লক্ষ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আইনমন্ত্রী জানান, দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাঁদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ এতদিন পর্যাপ্ত ছিল না। এ ঘাটতি পূরণে চলতি অর্থবছরে আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিশেষজ্ঞদের একটি দলের সঙ্গে সমঝোতা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে শিগগিরই এ কার্যক্রম শুরু করা হবে।
নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল থাকাকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ইন্টার্নশিপ কর্মসূচি চালু করেছিলেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী আইন স্নাতকদের স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ায় নির্বাচন করে এ কর্মসূচিতে যুক্ত করা হয়। এর মাধ্যমে তরুণ আইন স্নাতকদের পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।
প্যারালিগ্যাল কর্মীদের অবদান প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইনজীবীদের সহকারীরা মামলা পরিচালনা, নথিপত্র ব্যবস্থাপনা ও মক্কেলদের সঙ্গে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ কাজ করলেও তাঁদের জন্য দেশে আনুষ্ঠানিক প্রশিক্ষণ ব্যবস্থা নেই। এ অবস্থায় তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ ও স্বীকৃতির ব্যবস্থা গড়ে তোলা ইতিবাচক পদক্ষেপ।
সরকারি আইনগত সহায়তা ও মধ্যস্থতার কার্যক্রমে মানুষের অংশগ্রহণ বাড়ছে উল্লেখ করে আইনমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মধ্যস্থতার আবেদন ছিল ৩৫ হাজার ৫৯৬টি। ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে ৯৫ হাজার ৩১২টিতে দাঁড়িয়েছে, যা ১৬৭ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি।
একই সময়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সংখ্যা ২৯ হাজার ৮৩৭ থেকে বেড়ে ৭৩ হাজার ৪৫৯ হয়েছে। বৃদ্ধি পেয়েছে ১৪৬ দশমিক ২০ শতাংশ। আর মধ্যস্থতা চুক্তির সংখ্যা ৯ হাজার ৯১৫ থেকে বেড়ে ২০ হাজার ৬৮৭ হয়েছে। এ অগ্রগতির পেছনে সরকারি আইনগত সহায়তা ব্যবস্থার পাশাপাশি ব্লাস্টসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনের ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণের কারণে কিছু আইনজীবীর মধ্যে পেশাগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী। তবে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে তাঁদের অনেককে এ কার্যক্রমের ইতিবাচক দিক বোঝানো সম্ভব হয়েছে। ন্যায়বিচারে মানুষের প্রবেশাধিকার বাড়াতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
সমঝোতা স্মারকের আওতায় প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা, যোগ্যতা ও পেশাগত স্বীকৃতির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য মানদণ্ড তৈরি করা হবে। পাশাপাশি রোহিঙ্গাদের আইনগত সহায়তা নিশ্চিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এবং দেশের সাধারণ জনগণের জন্য পৃথক জাতীয় প্যারালিগ্যাল সনদ কোর্স চালু করা হবে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতায় বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য বিশেষায়িত কোর্স চালু হবে। অন্যদিকে, জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের সহায়তায় গবেষণা ও আন্তর্জাতিক সম্মেলনের সুপারিশ অনুসরণ করে দেশের জনগণের জন্য জাতীয় প্যারালিগ্যাল যোগ্যতা সনদ কোর্স প্রণয়ন, পরীক্ষামূলক পরিচালনা ও প্রাতিষ্ঠানিকীকরণের উদ্যোগ নেওয়া হবে।
দুটি কোর্সের পাঠ্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক তত্ত্বাবধানে তৈরি ও অনুমোদিত হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সনদ দেওয়া হবে। প্যারালিগ্যাল কর্মীদের পেশাগত দক্ষতা, জবাবদিহি ও মান বজায় রাখতে ভবিষ্যতে একটি সমন্বিত ‘প্যারালিগ্যাল কাউন্সিল’ গঠনের পরিকল্পনাও রয়েছে।
সমঝোতা স্মারকে ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন। এ ছাড়া বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইজেন এবং জিআইজেডের অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার সৈয়দ জিয়াউল হাসান।
বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে দেশের সুবিধাবঞ্চিত মানুষ ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে সরকারি আইনগত সহায়তা ব্যবস্থার সক্ষমতা জোরদার এবং সমাজের সব শ্রেণির মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার পথ আরও সুগম হবে।