আমবাগানে মিষ্টিকুমড়া চাষে বাড়তি আয়ের সম্ভাবনা দেখছেন গবেষকরা
চাঁপাইনবাবগঞ্জে আমবাগানের ফাঁকা জায়গায় মিষ্টিকুমড়া চাষ করে বাড়তি আয়ের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একই জমিতে আমের পাশাপাশি মিষ্টিকুমড়া চাষ করতে পারলে কৃষকরা অতিরিক্ত ফসল উৎপাদনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে পারবেন বলে মনে করছেন গবেষকরা।
চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের গবেষণা মাঠে আমবাগানে মিষ্টিকুমড়া চাষ করে সফলতা পেয়েছেন গবেষকরা। তাঁদের মতে, আম সংগ্রহের পর বাগানের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে সহজেই এ ফসলের আবাদ করা সম্ভব।
গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, আমবাগানে মিষ্টিকুমড়া চাষের জন্য পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকতে হবে। পাশাপাশি বাগানের ভেতরে ২৫ থেকে ৩০ শতাংশ সূর্যালোক প্রবেশের সুযোগ থাকা প্রয়োজন।
এ পদ্ধতিতে চাষের সম্ভাবনা ও ফলন সম্পর্কে কৃষকদের ধারণা দিতে রোববার গবেষণা কেন্দ্রে মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে আমবাগানে মিষ্টিকুমড়া চাষের পদ্ধতি, জমির ব্যবহার এবং সম্ভাব্য লাভের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
মাঠ দিবসে কৃষকদের উদ্দেশে বক্তব্য দেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন।
গবেষকদের মতে, আমবাগানে আন্তঃফসল হিসেবে মিষ্টিকুমড়া চাষ করা গেলে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদন সম্ভব হবে। এতে অব্যবহৃত জমির সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের বাড়তি আয়ের পথ তৈরি হবে। বিশেষ করে আমের মৌসুমের বাইরে বাগানের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।