মানিকগঞ্জে ২৭ কোটি ৯২ লাখ টাকায় চার সড়ক ও সেতুর কাজ উদ্বোধন খাদ্যমন্ত্রীর
মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ২৭ কোটি ৯২ লাখ টাকার বেশি ব্যয়ে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ যোগাযোগ, শিক্ষার্থীদের যাতায়াত ও জরুরি স্বাস্থ্যসেবা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় প্রকল্পগুলোর উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি দুটি সড়কের চলমান নির্মাণকাজও সরেজমিনে পরিদর্শন করেন।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কান্দাপাড়া বাজার হয়ে নোয়াপাড়া সড়ক উন্নয়ন, সাটুরিয়া মাছ বাজার সেতু নির্মাণ, দড়গ্রাম-জিপসি-নাগরপুর জিপসি হয়ে সাভার-ছনকা বাজার সড়ক নির্মাণ এবং গড়পাড়া-বাংলাদেশ হাট-রানাদিয়া সড়কে সেতু নির্মাণ।
উদ্বোধন শেষে স্থানীয়দের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় এলাকার মানুষের অন্যতম প্রত্যাশা ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সড়ক ও সেতুগুলো নির্মিত হলে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া সহজ হবে এবং অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স চলাচলও সুবিধাজনক হবে।
তিনি আরও বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রয়োজনে সড়ক প্রশস্ত করতে হবে। এ ক্ষেত্রে কারও জমির সামান্য অংশ প্রয়োজন হলে বৃহত্তর জনস্বার্থ ও উন্নয়নের কথা বিবেচনা করে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। স্থানীয় মানুষের সহায়তা পেলে পর্যায়ক্রমে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্মাণকাজের গুণগত মান ও সময়সীমা নিয়ে ঠিকাদারদের সতর্ক করে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার চেষ্টা করতে হবে। নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। যারা মানসম্মত কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে, নিম্নমানের নির্মাণকাজের সঙ্গে জড়িত ঠিকাদারের লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।
উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খাদ্যমন্ত্রী বিএনপি সরকারের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ১৭ বছরের দুঃশাসন, নির্যাতন ও নিপীড়ন মোকাবিলা করে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমানের নেতৃত্ব দলকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে। দেশ বা জনগণের ক্ষতি করতে ফ্যাসিবাদ কিংবা গোপন তৎপরতার আশ্রয় নেওয়া হলে তা বরদাশত করা হবে না। দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
পরে আফরোজা খানম বরাইদ ইউনিয়ন যুব সমাজ ও তাঁতী মেলা কমিটির আয়োজনে তাঁতী সমাবেশে অংশ নেন। সেখানে তিনি মানিকগঞ্জের তাঁতশিল্পের বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পে মানিকগঞ্জের অবদানের প্রশংসা করেন এবং তাঁতিদের উন্নয়নে সরকারের উদ্যোগ তুলে ধরেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বরাইদ ইউনিয়ন প্রাথমিক তাঁতি সমিতির নির্বাহী সদস্য মো. আব্দুল ব্যাপারী।