নাচোলে রবি মৌসুমে ৯ হাজার ৩৫০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী
‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে সরিষা, মসুর ও খেসারি চাষের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এ কর্মসূচির আওতায় মোট ৯ হাজার ৩৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে। এর মধ্যে সরিষা চাষের জন্য ৯ হাজার ২০০ জন, মসুর চাষের জন্য ১০০ জন এবং খেসারি চাষের জন্য ৫০ জন কৃষককে নির্বাচন করা হয়েছে।
তিনি জানান, সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ সার দেওয়া হবে। মসুর চাষের জন্য প্রত্যেক কৃষক পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ সার। অন্যদিকে, খেসারি চাষের জন্য প্রত্যেক কৃষককে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ সার দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আকলিমা আক্তার বলেন, সময়মতো উন্নতমানের বীজ ও সার পাওয়ায় রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়বে। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এলাকার কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।