কেডিএ’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন শফিকুল আলম মনা
খুলনা ব্যুরো :
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম শফিকুল আলম মনা। সরকার তাকে গ্রেড-২ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলম মনাকে কেডিএ’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ পদে যোগদানের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী এক বছর কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্তাবলি পরবর্তীতে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।