ক্ষতিগ্রস্ত সিটি মেডিকেলে উদ্ধার অভিযানে সবার ভূমিকা প্রশংসনীয় : হুইপ বকুল
খুলনা ব্যুরো :
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রোগীর প্রাণহানি না হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাসপাতাল ভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে অন্য হাসপাতালগুলোতে স্থানান্তর করা দুই শতাধিক রোগীর চিকিৎসা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
রকিবুল ইসলাম বকুল বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, বিজিবি, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনের সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়ে মানবিক দায়িত্বের পরিচয় দিয়েছেন। তিনি উদ্ধার কাজে অংশগ্রহণকারীদের ভূয়সী প্রশংসা করেন।
তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডের পর বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তারা।