খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা রফিক নিহত
খুলনা ব্যুরো
খুলনা মহানগরীর দক্ষিণ লবনচরা এলাকায় গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক (৪৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ১২ জুন সকাল ১১টার দিকে লবনচরার দশগেট এলাকায় নিজ বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
নিহত রফিক দক্ষিণ লবনচরার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা এবং বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি রতন গাজীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বড় ছেলে অভিমান করে বাড়ি থেকে চলে যাওয়ায় তাকে খুঁজতে বের হন রফিক। একপর্যায়ে বাড়ির পেছনের একটি ফাঁকা স্থানে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার তলপেটে বিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, তার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।