গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ভাই জনি আটক
খুলনা ব্যুরো :
খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবুর’ বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ১২ জুন শুক্রবার বিকেলে পরিচালিত এ অভিযানে তাঁর ভাই মাহামুদুন চৌধুরী জনিকে আটক করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন জানান, সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জনিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন ‘বি কোম্পানি’ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নগরীতে একাধিক হত্যা, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। খুলনা সদর থানার সন্ত্রাসী তালিকায় তাঁর নাম রয়েছে শীর্ষে।
এদিকে মাহামুদুন চৌধুরী জনির বিরুদ্ধে ভাইয়ের প্রভাব খাটিয়ে মোংলা বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) ভবন দখলের অভিযোগ রয়েছে। সংগঠনের সদস্য না হয়েও সম্প্রতি তিনি নিজেকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হরিণটানা থানার শীর্ষ সন্ত্রাসী ইমন মোল্লা এবং সোনাডাঙ্গা থানার সন্ত্রাসী রনি শেখ ওরফে কাবুসহ কয়েকজনকে আটক করা হয়েছে। গ্রেনেড বাবুর বাড়িতেও অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।