শিবগঞ্জে অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে এমপি কেরামত আলী, বিতরণ করা হলো আর্থিক সহায়তা
মোঃ জালাল উদ্দীন, রাজশাহী ব্যুরো:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অসহায়, দুস্থ ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায়, দরিদ্র ও নানা রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ব্যয় ও জরুরি পারিবারিক প্রয়োজন মেটাতে এই সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। তিনি জানান, সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি বাবুল ইসলাম এবং শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি ও মেয়র প্রার্থী আব্দুর রউফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে আর্থিক সহায়তা পাওয়া উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অনুদান তাদের চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।