কেসিসিতে বৃক্ষরোপণের সমন্বয় সভা ---- ১৮০ দিনে ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

 প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন   |   খুলনা

কেসিসিতে বৃক্ষরোপণের সমন্বয় সভা  ----    ১৮০ দিনে ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীতে পরিবেশ সুরক্ষা ও নগর সবুজায়ন জোরদার করতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাংক, বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।

কেসিসি’র মালিকানাধীন জায়গা, বিভিন্ন সড়ক ও খালপাড়ের উন্মুক্ত জমিতে বনায়ন গড়ে তুলতে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেসিসি’র রাজস্ব বিভাগ সভাটি আয়োজন করে।

সভায় সভাপতির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নগর এলাকায় সবুজায়ন বাড়ানোর বিকল্প নেই। সম্মিলিত উদ্যোগ ছাড়া বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করা সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে গাছ লাগানোর পাশাপাশি মশার প্রজনন রোধে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়েও নাগরিকদের সচেতন থাকতে হবে।

সভায় সিদ্ধান্ত হয়, গাছের প্রজাতি নির্বাচন বিষয়ে বন বিভাগের পরামর্শ নেওয়া হবে এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে ব্যাপক প্রচারণা চালানো হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে উদ্বুদ্ধকরণ প্যানা প্রদর্শন এবং আসন্ন বৃক্ষমেলা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আগামী ১৮০ দিনের মধ্যে খুলনা মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, হাসপাতাল ও ক্লিনিকসহ যেসব স্থানে উন্মুক্ত জায়গা রয়েছে সেখানে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা নেই, তাদের চারা গাছ অনুদান হিসেবে দেওয়ার প্রস্তাবও উঠে আসে।

সভায় কেসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং নগরীতে কর্মরত বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement