তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং সেমিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন   |   খুলনা

তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং সেমিনার অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং ভুয়া খবর প্রতিরোধে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাগেরহাটে দিনব্যাপী ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)’র আয়োজনে বৃহস্পতিবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে জনগণের আস্থা গভীরভাবে সম্পৃক্ত। একটি সত্য ও নির্ভুল সংবাদ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাক্ট-চেকিং ভুয়া খবর, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করে। এতে জনপরিসরে বিভ্রান্তি কমে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতা শক্তিশালী হয়। অপতথ্য ও কুতথ্য মোকাবিলায় সাংবাদিকদের আরও দক্ষ হয়ে উঠতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। তিনি অপতথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব তুলে ধরে তথ্য যাচাইয়ের বিভিন্ন আধুনিক টুলস ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী।

সেমিনারে বাগেরহাট জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

Advertisement
Advertisement
Advertisement